Facebook Twitter Instagram YouTube

বাউবির এসএসসি ২০২৬ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ /
বাউবির এসএসসি ২০২৬ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বাউবির প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৪ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৭ হাজার ৬৬৪ জন, যার মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী রয়েছেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য বাউবি শিক্ষার দ্বিতীয় সুযোগ তৈরি করে দিচ্ছে। তিনি জানান, এবার এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফল মাত্র ৪৯ কার্যদিবসের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে, যা দীর্ঘসূত্রতার প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়টি নকলমুক্ত ও আধুনিক পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ফল প্রকাশের প্রক্রিয়াকে আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার কাজ করছে। ভবিষ্যতে পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান উপাচার্য।

ফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh