Facebook Twitter Instagram YouTube

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ /
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি নিশ্চিত করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটির ভর্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুয়েটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এমআইএসটি কর্তৃপক্ষ ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ—এই সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মাধ্যমে শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। আবেদনের সুযোগ থাকছে ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের মাধ্যমে। এরপর ৯ জানুয়ারি ‘সি’ এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের সময়কাল ১২ থেকে ২৭ নভেম্বর।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের মাধ্যমে শুরু হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের মাধ্যমে শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’, ৩ ফেব্রুয়ারি ‘বি১’, ৪ ফেব্রুয়ারি ‘বি২’, ৫ ফেব্রুয়ারি ‘বি’, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ ইউনিটের পরীক্ষা হবে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ ইউনিটের পরীক্ষা চবি ক্যাম্পাসে এবং অন্যান্য ইউনিটের পরীক্ষা ঢাকা ও রাজশাহী ক্যাম্পাসেও অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ১৭ ডিসেম্বর (‘সি’ ও ‘ডি’ ইউনিট) এবং ১৮ ডিসেম্বর (‘এ’ ও ‘বি’ ইউনিট) অনুষ্ঠিত হবে। কুয়েটের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি খুলনা, ঢাকা ও রাজশাহী শহরে একযোগে অনুষ্ঠিত হবে। এমআইএসটির পরীক্ষা ১৮ ডিসেম্বর (‘সি’ ইউনিট) এবং ১৯ ডিসেম্বর (‘এ’ ও ‘বি’ ইউনিট) অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত নয় এমন পরীক্ষা পরিবর্তিত হতে পারে, তাই শিক্ষার্থীদের অফিসিয়াল নোটিশ অনুসরণ করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy