
২০২৬ সালের প্রথম ছয় মাসে মুনাফা, পরিচালন দক্ষতা এবং ব্যালেন্স শিটের সম্প্রসারণ—সবগুলো সূচকেই অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটির কর্তৃপক্ষের ভাষ্যমতে, বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম, সুদৃঢ় সুশাসন এবং গ্রাহককেন্দ্রিক সেবা কৌশলের সমন্বয়েই এই আর্থিক সাফল্য অর্জিত হয়েছে।
৩০ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী, সহযোগী প্রতিষ্ঠানসহ ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় পৌঁছেছে। উল্লেখ্য, ২০২৫ সালের জুন শেষে এই মুনাফার পরিমাণ ছিল ৯০৬ কোটি টাকা। শুধু এককভাবে ব্যাংকটির নিট মুনাফা ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৩ কোটি টাকা হয়েছে, যা আগের বছরের প্রথমার্ধে ছিল ৬২০ কোটি টাকা।
দেশের সামষ্টিক অর্থনীতি ও ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ সত্ত্বেও আমানত ও ঋণ বিতরণে ব্যাংকটি বাজারের গড় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। ২০২৬ সালের জুন শেষে আগের বছরের একই সময়ের তুলনায় গ্রাহকের আমানত ২৫ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়ায় ব্যাংকটির পরিচালন দক্ষতায় বড় উন্নতি হয়েছে। ফলে কস্ট-টু-ইনকাম রেশিও ২০২৫ সালের প্রথমার্ধের ৪৮ শতাংশ থেকে কমে ৪২ শতাংশে নেমে এসেছে।
আর্থিক সূচকগুলোতেও ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৬ সালের প্রথমার্ধে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের ৩ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৭ পয়সায় দাঁড়িয়েছে। একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের ৪৪ টাকা ৮৪ পয়সা থেকে বেড়ে ৪৯ টাকা ৩৮ পয়সায় উন্নীত হয়েছে। এছাড়াও ব্যাংকের সমন্বিত রিটার্ন অন ইক্যুইটি (আরওই) এবং রিটার্ন অন অ্যাসেট (আরওএ) যথাক্রমে ২১ দশমিক ৫২ শতাংশ এবং ১ দশমিক ৬৭ শতাংশে দাঁড়িয়েছে।
ব্যাংকটির মোট আয়ের ক্ষেত্রেও উন্নতি লক্ষ্য করা গেছে। নন-ফান্ডেড আয়ের পাশাপাশি ইন্টারেস্ট আয় বাড়ায় সমন্বিত মোট আয় আগের বছরের প্রথমার্ধের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি খেলাপি ঋণের হারেও উন্নতি হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে থাকা ২ দশমিক ২৭ শতাংশ নন-পারফর্মিং লোন (এনপিএল) অনুপাত ২০২৬ সালের প্রথমার্ধ শেষে ২ দশমিক ০৩ শতাংশে নেমে এসেছে।
https://brackweb.s3.ap-southeast-1.amazonaws.com/uploads/all/Un-Audited_FS_Q2,_20266a68915caa1cb.pdf
আপনার মতামত লিখুন :