
স্বাস্থ্য, শিক্ষা ও মানবসেবার আলোকবর্তিকা হিসেবে পরিচিত হামদর্দ ল্যাবরেটরীজ তাদের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই বিশেষ মাইলফলক উপলক্ষে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
সভাপতির বক্তব্যে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানুষের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। যতদিন বেঁচে থাকা যায়, মানুষের মঙ্গল করতে পারলেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত থাকে। এই সাহস ও চেতনাকে ধারণ করে সততার সঙ্গে হামদর্দের সেবামূলক কার্যক্রম বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মরহুম হাকীম হাফেজ আবদুল মজিদ রহিমাহুল্লাহ, মরহুমা মিসেস রাবেয়া মজিদ, মরহুম হাকীম আবদুল হামিদ এবং মরহুম হাকীম সাঈদকে। হামদর্দ প্রতিষ্ঠার পেছনে যারা ভূমিকা রেখেছেন এবং যারা এখন পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের সবার রুহের মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে বর্তমানে যারা হামদর্দের সেবার কার্যক্রম সচল রেখেছেন, তাদের সবার জন্য আমাদের নিরন্তর দোয়া রইল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামদর্দ ল্যাবরেটরীজের পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক আবু ইউছুফ আব্দুল হক।
আপনার মতামত লিখুন :