
দেশে মোটরসাইকেল আরোহীদের জন্য নিরাপদ ও দায়িত্বশীল যাতায়াত নিশ্চিত করতে এক যৌথ চুক্তি স্বাক্ষর করেছে র্যানকন মোটর বাইকস লিমিটেড এবং মেটলাইফ বাংলাদেশ। এই চুক্তির আওতায় নতুন সুজুকি মোটরসাইকেল কিনলেই ক্রেতারা সম্পূর্ণ বিনামূল্যে এক বছরের জন্য বীমা সুবিধা পাবেন।
এই বীমা সুবিধাটি বাইক কেনার দিন থেকেই কার্যকর হবে। চুক্তির শর্তানুযায়ী, কোনো গ্রাহক যদি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কিংবা স্থায়ীভাবে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন, তবে তিনি এই বীমা কভারেজের আওতায় আর্থিক সুবিধা পাবেন। র্যানকন মোটর বাইকসের যেকোনো অনুমোদিত ডিলার পয়েন্ট বা ফ্ল্যাগশিপ শোরুম থেকে বাইক কেনার ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে।
নতুন ক্রেতাদের পাশাপাশি পুরোনো সুজুকি বাইক মালিকদের জন্যও সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। তারা চাইলে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে ঐচ্ছিক বা ভলান্টারি বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন। এই বিশেষ পরিকল্পনার আওতায় শর্তসাপেক্ষে দুর্ঘটনার চিকিৎসা খরচ ফেরত পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট মেয়াদে হাসপাতালে ভর্তি থাকার সময়ে দৈনিক নগদ আর্থিক সহায়তার সুবিধাও রাখা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও আলা উদ্দিন এবং র্যানকন মোটর বাইকস লিমিটেডের পক্ষে কার্যনির্বাহী পরিচালক কাজী আশিক-উর-রহমান এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যৌথ এই উদ্যোগটি বাইকারদের মাঝে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :