Facebook Twitter Instagram YouTube

কলকাতায় খেলতে আসছে ব্রাজিল, যুবভারতীতে ভারতের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ /
কলকাতায় খেলতে আসছে ব্রাজিল, যুবভারতীতে ভারতের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ

কলকাতায় খেলতে আসছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার ব্রাজিল এবং ভারতীয় ফুটবল সংস্থার পক্ষ থেকে এই ঐতিহাসিক ম্যাচের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ম্যাচের শুরুর সময় এখনো ঘোষণা করা হয়নি। প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক পর্যায়ের এই বিশেষ ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে।

ভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ এই ম্যাচটিকে ভারতীয় ফুটবলের ইতিহাসের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, ব্রাজিলের মতো একটি দলের ভারতে খেলতে আসাটা অত্যন্ত অসাধারণ একটি মুহূর্ত। জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল বলেন, ফুটবলের ইতিহাসে সফলতম দেশের বিরুদ্ধে খেলার সুযোগ বিরল এবং এটি খেলোয়াড়দের বড় স্বপ্ন দেখতে ও উন্নতি করতে সহায়তা করবে।

ব্রাজিল ফুটবল সংস্থা জানিয়েছে, ভারতে তাদের প্রচুর সমর্থক রয়েছেন, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে দলকে ভালোবেসে আসছেন। লক্ষ লক্ষ ভারতীয় সমর্থকদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছে তারা। এর আগে ব্রাজিল প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর টাউন্সভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর ৩ অক্টোবর তারা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে ভারত এত উঁচু র‌্যাঙ্কিংয়ের কোনো দলের বিরুদ্ধে কখনো খেলেনি। ১৫ বছর আগে লিয়োনেল মেসির আর্জেন্টিনা যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল, তবে ভারতের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটি হতে যাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি ঘটনা। ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিক, মাতিয়াস কুনহা এবং মারকুইনহোসদের মতো তারকা ফুটবলারদের দেখার সম্ভাবনা থাকলেও, ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত কাদের দেখা যাবে তা নিয়ে সংশয় রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin