Facebook Twitter Instagram YouTube

কক্সবাজারকে পর্যটন হাবে রূপ দিতে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ণ /
কক্সবাজারকে পর্যটন হাবে রূপ দিতে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ

কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন হাবে রূপান্তর করার লক্ষ্যে সরকার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে কক্সবাজারের ভবিষ্যৎ উন্নয়ন সংক্রান্ত এক সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ কথা জানান। তিনি বলেন, পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত হিসেবে পরিচিত কক্সবাজারকে পর্যটন হাবে পরিণত করতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোর আধুনিকায়নের কাজ শুরু হয়েছে।

পর্যটন মন্ত্রী কক্সবাজারের উন্নয়নে ইকো ট্যুরিজম মডেল অনুসরণের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন দ্রুত সম্পন্ন হবে, যা বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সহায়ক হবে।

সভায় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পর্যটন মন্ত্রীর প্রস্তাবের সাথে সমন্বয় রেখে কক্সবাজারের জন্য একটি নতুন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এই মাস্টারপ্ল্যানের মাধ্যমে কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটন হাবে রূপ দেওয়া হবে। এছাড়া মেরিন ড্রাইভে ভিজিটরস পয়েন্ট তৈরি এবং ব্লু ইকোনোমি ইউনিভার্সিটি স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভার সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অতিদ্রুত অংশীজনদের প্রস্তাবনা অনুযায়ী কক্সবাজার স্মার্ট সিটি গড়ার মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু করার নির্দেশ দেন। সভায় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy