Facebook Twitter Instagram YouTube

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাসে যৌন হয়রানি: অভিযুক্ত আটক, মামলা


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ /
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাসে যৌন হয়রানি: অভিযুক্ত আটক, মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বাড়ি ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন ওই ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জসিমকে (৩৫) আটক করে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত জসিমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকায় এবং তাঁর বাবার নাম মৃত তোফায়েল আহমেদ।

ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে বাসে উঠে সামনের একটি আসনে বসেছিলেন। বাসটি ছাড়ার পর পেছনে বসা ওই যাত্রী সিগারেট ফেলার অজুহাতে তাঁর শরীরে স্পর্শ করেন। ছাত্রীটি প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁর সঙ্গে অসদাচরণ করেন এবং হুমকি দেন। সে সময় অন্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানসহ বাস থেকে নেমে যান।

তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। বাসটি ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় সেখানে পৌঁছে পুনরায় বাসে ওঠেন। এরপর তিনি ওই শিক্ষার্থীর চুল ধরে টান দেন এবং শারীরিকভাবে হেনস্তা ও হুমকি প্রদান করেন। পরে বাসচালক, সহকারীর সহায়তায় এবং অন্য যাত্রীদের হস্তক্ষেপে তাঁকে আটক করা হয়।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা জানিয়েছেন, যাত্রীদের সহায়তায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান নিশ্চিত করেছেন যে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo