Facebook Twitter Instagram YouTube

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ১:০১ অপরাহ্ণ / ০
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশিত হতে পারে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সম্ভাব্য তারিখের কথা জানানো হয়েছে। চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য আগামী ২৩ ও ২৪ অক্টোবর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আলোচনার মাধ্যমে ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। বর্তমানে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের অগ্রগতির ওপর ভিত্তি করেই ফল প্রকাশের এই সময়সীমা নির্ধারণ করা হচ্ছে।

প্রাথমিকভাবে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা থাকলেও খাতা দেখার কাজ দ্রুত এগিয়ে চলায় ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত এই সময়ের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে।

উল্লেখ্য, গত ২ জুলাই ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পিছিয়ে যাওয়ায় সেগুলো গত ৯ সেপ্টেম্বর শেষ হয়েছে।

পরীক্ষার্থীরা ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd)-এ গিয়ে পরীক্ষার নাম, বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এর জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin