
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস ও বড় ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহতরা সবাই বিভিন্ন দেশের পর্যটক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে। এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও ধ্বংসাবশেষ পড়ে ছিল। এছাড়া রাস্তার পাশে যাত্রীদের আসনগুলোও ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে এবং ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল। একটি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বড় বাসটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, আহত পর্যটকদের গিজার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :