
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সর্বশেষ সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান আজ ২১তম। আজ শনিবার ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ৮৮, যা বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৫৮। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কঙ্গোর কিনশাসা (১৫৭ স্কোর) এবং ইন্দোনেশিয়ার জাকার্তা (১২৪ স্কোর)। এছাড়া ১২৩ স্কোর নিয়ে ভারতের দিল্লি তালিকার চতুর্থ স্থানে এবং ১২০ স্কোর নিয়ে চিলির সান্তিয়াগো পঞ্চম স্থানে রয়েছে। পাশাপাশি ১১৯ স্কোর নিয়ে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ ষষ্ঠ এবং ১১৬ স্কোর নিয়ে ইসরায়েলের জেরুজালেম সপ্তম স্থানে অবস্থান করছে।
সংস্থাটির বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি মানের বায়ু হিসেবে গণ্য করা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আপনার মতামত লিখুন :