
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি ভ্রমণে ফের সাময়িক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙামাটি জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।
একই সঙ্গে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ১১ অক্টোবরও জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৬-২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত হওয়ার পর প্রশাসন সাজেক ভ্যালি ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
আপনার মতামত লিখুন :