
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কতটা শিখতে পারছে, তা নিয়মিত মূল্যায়ন করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি শিক্ষকদের পাঠদান পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তনের এই পরামর্শ দেন।
শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী লিখেছেন, শিক্ষকতা পেশার শুরু থেকেই নিজের কাজের মান নিয়ে প্রশ্ন তোলার অভ্যাস তৈরি করা জরুরি। তিনি পরামর্শ দিয়েছেন যে, একটি অধ্যায় পড়ানোর পর শিক্ষকদের নিজেকেই প্রশ্ন করতে হবে যে, কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে এবং যারা বুঝতে পারেনি তাদের জন্য পাঠদানের পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন।
একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন কোনো ফল আশা করা যৌক্তিক নয় বলে মনে করেন মন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীর কাজ, তাদের করা প্রশ্ন এবং ভুলগুলো থেকে তথ্য সংগ্রহ করে নিজের পাঠদান প্রক্রিয়ার মান উন্নত করা একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ চর্চা হওয়া উচিত।
আপনার মতামত লিখুন :