Facebook Twitter Instagram YouTube

একরামুল হক হত্যা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ণ /
একরামুল হক হত্যা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রোববার (২৬ জুলাই) এই আদেশ প্রদান করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানি শেষে আদালত মামলার ফরমাল চার্জ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন এবং গ্রেপ্তারকৃত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।

মামলায় অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন, কর্নেল আনোয়ার লতিফ খান, মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং সেনা কর্মকর্তা আশিকুর রহমান। এদের মধ্যে আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ খান এবং মাহাবুব আলম অন্য মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। এই আলোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din