Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ফাইনাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ণ /
বিশ্বকাপ ফাইনাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৮ জুলাই) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঢাবি ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য অতিথিদের ক্যাম্পাসে প্রবেশ এবং ব্যক্তিগত যানবাহনের চলাচল সীমিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথসমূহ যেমন—শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে কেবল বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার গাড়ি প্রবেশ করতে পারবে। জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন এবং সরকারি যানবাহন অন্তর্ভুক্ত থাকবে।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া সাধারণ গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময় নিয়ন্ত্রিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din