Facebook Twitter Instagram YouTube

লিয়ান্দ্রো পারেদেসের আচরণ নিয়ে ফিফার তদন্ত, শাস্তির মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ /
লিয়ান্দ্রো পারেদেসের আচরণ নিয়ে ফিফার তদন্ত, শাস্তির মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার

স্পেনের বিশ্বকাপ জয়ের পর মাঠের উদ্যাপন ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা। ম্যাচ শেষের মুহূর্তগুলো ছিল বেশ বিশৃঙ্খল, যেখানে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক সম্প্রচার সংস্থাগুলোর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ফিফার শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডেমোক্রাটার তথ্য অনুযায়ী, স্পেন ১-০ গোলে ম্যাচটি জেতার পর উদ্যাপন শুরু করলে পারেদেস স্প্যানিশ খেলোয়াড়দের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে এরিক গার্সিয়ার ওপর আক্রমণ এবং পাবলো গাভিকে ধাক্কা দেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে স্পেনের মিডফিল্ডার রদ্রিকে নাহুয়েল মোলিনা আঘাত করলে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি।

ইএসপিএন ও টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন বলছে, ম্যাচ শেষে সরাসরি লাল কার্ড পাওয়ায় পারেদেসের ওপর পরবর্তী অফিসিয়াল ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। তবে ফিফা এই শাস্তিতেই সীমাবদ্ধ থাকতে চায় না। শৃঙ্খলা কমিটি রেফারির রিপোর্ট ও উচ্চমানের ভিডিও ফুটেজ যাচাই করছে। যদি তদন্তে প্রমাণিত হয় যে পারেদেস পরিকল্পিতভাবে সহিংস আচরণ করেছেন, তবে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত বাড়ানো হতে পারে।

ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা শাস্তির মেয়াদ ঘোষণা করা হয়নি। সংস্থাটি জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত শাস্তির বিষয়ে নিশ্চিত কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin