Facebook Twitter Instagram YouTube

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ / ০
৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেয়া প্রতিশ্রুতিসহ নানা ইস্যুতে আলোচনা করেন নেতারা। বৈঠকে ৩১ দফা কর্মসূচি এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জোট নেতাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী দলসহ ৪১টি দলের নেতারা অংশ নেন। মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ ও হাসিনা সরকারকে সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছেন, তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক চলমান আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করবে।

ফখরুল আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে একসাথে আন্দোলন করার সুবাদে বৈঠকে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রত্যেকের সঙ্গে দেখা করেছেন ও কথা বলেছেন। উপস্থিত রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী তাদের অবদানের কথা স্মরণ করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপি মহাসচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন যে গত ৫ মাসে কাজের অগ্রাধিকার ও তাড়াহুড়োর কারণে সব দলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তবে সরকার জনগণের কাছাকাছি যাওয়ার কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনীতি ও লুট হওয়া ব্যাংকসহ ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এখন থেকে নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি বসবেন। ৩১ দফা কর্মসূচি এবং সমস্ত রাজনৈতিক দলের স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার কোনো সুযোগ নেই, তাই এটি নিয়ে এখন আলোচনা না করলেও চলে। তবে প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin