Facebook Twitter Instagram YouTube

নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচার করতে পারবে না ফেসবুক-ইউটিউব


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ /
নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচার করতে পারবে না ফেসবুক-ইউটিউব

বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপন এবং আন্তঃসীমান্ত ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই প্রস্তাবিত 'ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬'-এর আওতায় ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নতুন করে বিজ্ঞাপন প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

খসড়া অনুযায়ী, কোনো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠান যদি বাংলাদেশে তাদের সেবা বা পণ্য বিক্রয় করতে চায়, তবে তাদের বাধ্যতামূলকভাবে ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নিবন্ধন গ্রহণ করতে হবে। নিবন্ধন ছাড়া এসব প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে বৈধভাবে নিবন্ধন সম্পন্ন করে দেশের প্রচলিত ভ্যাট, আয়কর ও অন্যান্য কর সংক্রান্ত আইন মেনে ব্যবসা পরিচালনা করলে আমদানি করা পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচারের সুযোগ থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই খসড়াটি প্রকাশের পর আগামী ৬ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ মানুষের মতামত আহ্বান করা হয়েছে। জনসাধারণের মতামত পর্যালোচনার পর চূড়ান্ত খসড়াটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নীতিমালায় ডিজিটাল প্ল্যাটফর্মে নকল, ভেজাল ও প্রতারণামূলক পণ্য বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে অনলাইন জুয়া, বেটিং, লটারি এবং আমদানি-রপ্তানি নীতিতে নিষিদ্ধ পণ্য বা সেবার ডিজিটাল বাণিজ্যও করা যাবে না। বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারেও থাকবে নিষেধাজ্ঞা। এছাড়া ভোক্তা অধিকার সুরক্ষায় বিক্রয়োত্তর সেবা, পণ্য ফেরত, ওয়ারেন্টি ও গ্যারান্টি সম্পর্কে ক্রেতাকে স্পষ্ট তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে নীতিসহায়তা, ডিজিটাল রপ্তানিতে প্রণোদনা এবং আধুনিক পেমেন্ট ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তিতে আধুনিক অভিযোগ ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থা চালুর প্রস্তাবও রাখা হয়েছে এই খসড়ায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din