Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালীতে ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, ইরানি পথ না মানার অভিযোগ


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ /
হরমুজ প্রণালীতে ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, ইরানি পথ না মানার অভিযোগ

হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম রোববার এই খবর জানিয়েছে। তাদের দাবি, কৌশলগত এই জলপথে ট্যাংকারটি ইরানের নির্দেশিত নির্ধারিত রুট থেকে সরে গিয়েছিল এবং মাইনের সঙ্গে আঘাত লাগার ফলেই বিস্ফোরণটি ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের সংখ্যা, জাহাজটির পরিচয় বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতি হয়েছে। এর আগে গত ২৬ জুন ইরান ঘোষণা দিয়েছিল যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে তেহরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।

ওয়াশিংটন ইরানে হামলা চালিয়েছে বলে তেহরান দাবি করেছে এবং এর পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আগের মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল ঘোষণা করেন। তার অভিযোগ ছিল, তেহরান ওই চুক্তি লঙ্ঘন করেছে।

ট্রাম্পের এই ঘোষণার আগেই হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছিল এবং কৌশলগত এই জলপথে নৌ-চলাচলের নিয়ম নিয়ে নতুন করে মতবিরোধ দেখা দেয়। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, ইরানের দাবি, জাহাজগুলোকে তাদের উপকূলঘেঁষা নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে এবং তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত নৌ-নির্দেশনা ব্যবস্থার অধীনে চলাচল করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh