Facebook Twitter Instagram YouTube

পিরোজপুরে এলজিইডির প্রকল্পে হাজার কোটি টাকা লুটের অভিযোগ আইনমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ /
পিরোজপুরে এলজিইডির প্রকল্পে হাজার কোটি টাকা লুটের অভিযোগ আইনমন্ত্রীর

পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পে কোনো কাজ সম্পন্ন না করেই হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মন্ত্রী বলেন, পিরোজপুরে এলজিইডির সাড়ে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প কাগজে-কলমে বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে সেখানে কোনো কাজই হয়নি। প্রকল্পের আওতায় এক কেজি রড কিংবা ১০০ টাকার সিমেন্টও ব্যবহার না করে পুরো অর্থ লুটপাট করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিগত সরকারের সময় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। ওই অর্থ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সম্পত্তি কেনা এবং ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে, যার কোনো সুফল দেশের মানুষ পায়নি।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোকপাত করে তিনি জানান, বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ বছরে নথিভুক্ত উপায়ে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। সেই হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে বাইরে চলে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh