
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আগামী পাঁচ বছরে বাংলাদেশের আরও প্রায় ৪২১ বিলিয়ন ডলারের অর্থায়নের প্রয়োজন হবে। সম্প্রতি সরকারের হালনাগাদ করা এসডিজি অর্থায়ন কৌশলের পর্যালোচনায় এই বিশাল অংকের চাহিদার তথ্য উঠে এসেছে। ইআরডির আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত ‘ডেভেলপমেন্ট ফাইন্যান্স অ্যাসেসমেন্ট (ডিএফএ) ও এসডিজি অর্থায়নবিষয়ক জাতীয় ভ্যালিডেশন কর্মশালায় এই হিসাব উপস্থাপন করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় মূল উপস্থাপনা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত সময়ের জন্য এই ৪২১ বিলিয়ন ডলারের চাহিদার কথা তুলে ধরেন। তিনি জানান, এই অর্থের বড় একটি অংশ দেশীয় সরকারি ও বেসরকারি উৎস, জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, এসডিজি বাস্তবায়নের বাকি সময়টি অত্যন্ত চ্যালেঞ্জিং। তিনি বলেন, একদিকে অর্থায়নের ঘাটতি, অন্যদিকে সীমিত সময় এবং বৈশ্বিক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে। তিনি সুস্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরজনিয়াক বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নয়ন অর্থায়নের সুযোগ কমে আসার কথা উল্লেখ করেন। তিনি বলেন, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং বেসরকারি খাতকে টেকসই বিনিয়োগে উৎসাহিত করার মাধ্যমে নিজস্ব উৎস থেকে অর্থায়নের সুযোগ রয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইআরডির অতিরিক্ত সচিব এ এইচ এম জাহাঙ্গীর। তিনি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতিকালে বাস্তবভিত্তিক অর্থায়ন পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে অর্থায়ন নীতি ও অংশীদারত্ব শক্তিশালী করার আহ্বান জানান। যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে পরিচালিত ইউএনডিপি ক্লাইমেট ফাইন্যান্স নেটওয়ার্ক (সিএফএন) কর্মসূচির সহায়তায় আয়োজিত এই কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :