
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এবার খল চরিত্রে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিক নাটকে রুকাইয়া নামের একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। এর আগে একই পরিচালকের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ‘ফুফু’ চরিত্রে অভিনয় করে তাঁর অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হয়েছিল এবং চরিত্রটি দর্শকদের কাছ থেকে বিপুল ভালোবাসা পায়।
নেতিবাচক চরিত্রে কাজ করা নিয়ে দীপা খন্দকার বলেন, ‘নেতিবাচক চরিত্র হওয়ায় শুরুতে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। তবে প্রচারের পর দর্শক চরিত্রটির নেতিবাচক দিক নিয়ে খুব বেশি সমালোচনা করছেন না।’
সামনে নির্মাতা রাজের পরিচালনায় নতুন একটি একক নাটকেও দেখা যাবে দীপা খন্দকারকে। এ ছাড়া মহিদুল মহিমের ‘কেমন আছো’ ও চয়নিকা চৌধুরীর ‘জোছনায় ফেরা’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :