
আগামীকাল শনিবার (১৫ আগস্ট) উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৯ ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় নিয়ে আসা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা মোকাবিলা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি বহুমাত্রিক এই পরিকল্পনা সাজিয়েছে।
ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা এবং মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা। এছাড়া ডিবি ও সিটিটিসির সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হবে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের মাধ্যমে সুইপিং কার্যক্রম চালানো হবে।
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হবে।
নিয়মিত মোতায়েনের বাইরেও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় অতিরিক্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠপর্যায়ে অবস্থান করে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করবেন।
আপনার মতামত লিখুন :