
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের স্থানীয় জলসীমায় দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে লিপ্ত জাহাজ দুটির একটি হলো মোটর ট্যাংকার ‘সী স্পাইক’ (SEA SPIKE) এবং অপরটি বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’ (SUN SHINE)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, স্থানীয় জলসীমায় জাহাজ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।
উদ্ধার ও সহায়তা কার্যক্রমে বন্দরের নিজস্ব টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে সংঘর্ষের পর জাহাজ দুটির সুনির্দিষ্ট অবস্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। জাহাজ দুটির সর্বশেষ অবস্থা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পরবর্তীতে জানানো হবে।
আপনার মতামত লিখুন :