
দেশের বাজারে সোনার গহনার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভালো মানের সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল, যার ২৪ ঘণ্টার ব্যবধানেই আবার দাম কমানো হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আজ শুক্রবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই পূর্বের দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
আপনার মতামত লিখুন :