Facebook Twitter Instagram YouTube

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস লিকেজে আট শ্রমিকের মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ /
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাস লিকেজে আট শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় আটজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই আহত শ্রমিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত একজনকে দেখতে গিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকার এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

কারখানা মালিকপক্ষের পক্ষ থেকে প্রতিটি নিহত শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইয়ার্ডের মালিক ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, আহত ও ক্ষতিগ্রস্তদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং সরকারি বিধি অনুযায়ী নিহতদের পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।

পাশাপাশি জাহাজভাঙা শিল্পের সংগঠন বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে মন্ত্রীর পরিদর্শনের সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত একজনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin