
কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবি সামনে রেখে রাজধানীতে জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনটি আগামী শনিবার দুপুরে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সম্মেলনটি সর্বাত্মকভাবে সফল করার জন্য ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম, ইমাম-খতিবসহ সর্বস্তরের আলেম-উলামা ও সচেতন দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি শায়খ আল্লামা সাজিদুর রহমান এবং মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে খতমে নবুওয়তের আকীদা সংরক্ষণ এবং কাদিয়ানী অপতৎপরতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি। এই লক্ষ্যেই আয়োজিত সম্মেলনটি একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। তারা দেশের সকল সচেতন নাগরিককে এই সম্মেলনে উপস্থিত হয়ে আয়োজকদের সার্থক করার অনুরোধ জানিয়েছেন।
সম্মেলনের সফলতা কামনা করে খতমে নবুওয়ত নেতারা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। তারা প্রার্থনা করেন যেন এই সম্মেলন দ্বীন, ঈমান ও খতমে নবুওয়তের হেফাজতের সংগ্রামকে আরও সুসংহত করার মাধ্যম হিসেবে কবুল হয় এবং উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও দ্বীনি চেতনা সুদৃঢ় হয়।
আপনার মতামত লিখুন :