Facebook Twitter Instagram YouTube

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ /
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। একই সঙ্গে তাদের ডোপ টেস্টও সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কমিশনার জানান, ময়নাতদন্তের রিপোর্ট এবং আসামিদের আদালতে দেওয়া জবানবন্দির তথ্যের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, নিহত গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীর শরীরে ধর্ষণের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তে তাদের মৃত্যুর কারণ হিসেবে গলায় ফাঁস দেওয়া বা শ্বাসরোধের কথা উল্লেখ করা হয়েছে।

আসামিরা আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন যে, ঘটনার দিন ভোরে তারা ইয়াবা সেবন করেছিলেন। তারা ছাদে থাকা অবস্থায় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেললে আতঙ্কে তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তারা প্রীতিলতা ও মেয়েকেও একইভাবে হত্যা করেন। জবানবন্দি অনুযায়ী, শিশুটিকে সিদ্ধার্থ চিনতে পারায় তাকেও হত্যা করা হয়।

হত্যার পর ঘটনাটিকে ডাকাতি বা চুরির রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আসামিরা বাড়ি থেকে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং আসামিদের জবানবন্দির মধ্যে মিল পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং ঘটনার রহস্য পুরোপুরি উন্মোচনে তদন্ত অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin