Facebook Twitter Instagram YouTube

জয়পুরহাটে ইজিবাইকচালক হত্যায় প্রধান আসামি সাগর গ্রেপ্তার


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ /
জয়পুরহাটে ইজিবাইকচালক হত্যায় প্রধান আসামি সাগর গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর মোড়ের একটি আখখেত থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ ইজিবাইকচালক ফরিদ হোসেন (৪১)-এর বলে নিশ্চিত করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। বুধবার বিকেলে নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকাল ১০টায় ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর ফরিদ নিখোঁজ হন। পরদিন তার বাবা আবদুল কুদ্দুস থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সোমবার সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের ইজিবাইক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবিউল ও জাকির হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে ফরিদের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় হোপীরহাট গ্রামের সাগর হোসেনকে প্রধান আসামি এবং আরও তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলা হওয়ার পরদিন মঙ্গলবার ভোরে স্থানীয়রা জিতারপুর মোড়ের একটি আখখেতে শিয়ালকে হাড়গোড় টেনে আনতে দেখে কঙ্কালটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। নিখোঁজ ফরিদের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে সেটি ফরিদের বলে শনাক্ত করেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালে কঙ্কালটির ময়নাতদন্ত করা হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে পুলিশ। নমুনা সংগ্রহের পর মঙ্গলবার রাতেই কঙ্কালটি পরিবারের কাছে হস্তান্তর করা হলে তারা তা দাফন করেন। জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম জানান, মামলার প্রধান আসামি সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। এত অল্প সময়ে লাশ কঙ্কালে পরিণত হওয়ার রহস্য উদ্‌ঘাটন করতে আসামি সাগরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালিয়ে যাওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh