Facebook Twitter Instagram YouTube

২০২৮ সালে শুরু হবে নাইন ইলেভেনের মূল পরিকল্পনাকারী খালিদের বিচার


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ /
২০২৮ সালে শুরু হবে নাইন ইলেভেনের মূল পরিকল্পনাকারী খালিদের বিচার

যুক্তরাষ্ট্রের ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদের বিচার ২০২৮ সালের ৫ জুন শুরু হতে যাচ্ছে। নাইন ইলেভেন নামে পরিচিত ওই হামলার প্রায় আড়াই দশক পর এই বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। মার্কিন বিমানবাহিনীর বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ শ্রামা আদালতের নথিতে এই নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচারক জানিয়েছেন, নির্ধারিত এই নতুন তারিখটি আদালতের বিভিন্ন আইনি বিষয় নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সময় দেবে। এ ছাড়া কোন কোন প্রমাণ আদালতে গ্রহণযোগ্য হবে, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। প্রসিকিউটররা শুরুতে ২০২৭ সালের জানুয়ারি মাসে বিচার শুরুর প্রস্তাব দিয়েছিলেন, তবে মামলার জটিলতা ও প্রমাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিষ্পত্তির জন্য বিচারক সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন।

খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে এই মামলায় আরও তিনজন অভিযুক্ত রয়েছেন। তাঁরা হলেন ওয়ালিদ বিন আতাশ, আলী আবদুল আজিজ আলী ও মুস্তফা আল-হাওসাই।

খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, বাণিজ্যিক উড়োজাহাজ চালানোর জন্য পাইলটদের প্রশিক্ষণ দিয়ে সেগুলো নিয়ে হামলার পরিকল্পনা তিনিই করেছিলেন। পরবর্তীতে তিনি এই পরিকল্পনা আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের কাছে নিয়ে যান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা প্রকৌশলী খালিদকে ২০০৩ সালের মার্চে পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয় এবং ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে তিনি কিউবার গুয়ানতানামো বে কারাগারে বন্দী রয়েছেন।

এর আগে মৃত্যুদণ্ড এড়াতে খালিদ শেখ মোহাম্মদ মার্কিন সরকারের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছিলেন, যা দুই বছর ধরে আলোচনার পর চূড়ান্ত হয়েছিল। তবে তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সেই সমঝোতা বাতিলের পক্ষে ছিলেন। শেষ পর্যন্ত গত বছরের গ্রীষ্মে একটি ফেডারেল আপিল আদালত সেই সমঝোতা চুক্তিটি বাতিল করে দেয়। বর্তমানে গুয়ানতানামো বে কারাগারে প্রায় ১৫ জন বন্দী রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo