
মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এবার নিজের ব্যক্তিগত প্রার্থনার বাইরেও দেশ ও দেশের তরুণ প্রজন্মের কল্যাণে প্রার্থনা করেছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার এই প্রার্থনায় দেশের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন প্রজন্মের জন্য সুন্দর ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে।
দেশের নিরাপত্তার জন্য প্রার্থনা করে রাখি বলেন, ‘হে ঈশ্বর, আমার দেশকে রক্ষা করো।’ তিনি একই সঙ্গে সেই সব শক্তির প্রভাব থেকে দেশকে মুক্ত রাখার আবেদন জানান, যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে। দেশের রাজনৈতিক নেতাদের উদ্দেশেও তিনি প্রার্থনা করেছেন, যেন তারা সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।
তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা ও সম্মানের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি প্রার্থনা করেছেন যেন কোনো তরুণ-তরুণী অপমান, হেনস্থা বা সামাজিক চাপের শিকার না হন। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করিয়ে দেন, যেখানে আইফোন কেনার আবদার কেন্দ্রিক পারিবারিক অশান্তির জেরে পরিবারের তিন সদস্য আত্মহত্যা করেছিলেন। রাখি আশা প্রকাশ করেন, এমন দুঃখজনক ঘটনা যেন আর কখনো না ঘটে।
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন যে, দামি পণ্য বা আইফোনের মতো বিলাসিতার জন্য বাবা-মায়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা উচিত নয়। বরং নিজের উপার্জনে প্রয়োজন মেটানোর এবং নিজের ভবিষ্যৎ নিজে গড়ার চেষ্টা করা উচিত বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, রাখি সাওয়ান্ত এর আগেও তার ধর্মীয় পরিচয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। জন্মসূত্রে হিন্দু হলেও পরবর্তীতে খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন। পাশাপাশি সব ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে বলেও তিনি একাধিকবার জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :