Facebook Twitter Instagram YouTube

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ / ০
আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৪। পেশাগত উচ্চশিক্ষা, গবেষণা, নেতৃত্ব এবং বিশ্বব্যাপী ইসলামিক ফাইন্যান্সের বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনের প্রধান ব্লকে ‘বিশ্ব ইসলামিক ইকোনমি উইক ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

ড. মাসুম বিল্লাহ বর্তমানে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত। তার দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি উচ্চশিক্ষা, কৌশলগত গবেষণা, করপোরেট নেতৃত্ব, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারি ও করপোরেট খাতে কৌশলগত পরামর্শক হিসেবেও তিনি বিশ্বজুড়ে সমাদৃত।

তার গবেষণার পরিধি অত্যন্ত বিস্তৃত। ফাইন্যান্স, বিনিয়োগ, ডিজিটাল রূপান্তর, শিল্পায়ন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের পাশাপাশি বিদেশি বিনিয়োগ সহযোগিতার মডেল কাঠামো নিয়ে তিনি কাজ করছেন। এছাড়া ফাইন্যান্স ও ফিনটেকের মেলবন্ধন এবং উদীয়মান হালাল ক্রিপ্টোকারেন্সি ও ক্রিপ্টো-অ্যাসেটের মতো আধুনিক আর্থিক প্রযুক্তি নিয়েও তিনি গভীরভাবে গবেষণা করছেন।

প্রফেসর ড. মাসুম বিল্লাহ এ পর্যন্ত ৬৪টিরও বেশি বই এবং ২০০টিরও বেশি গবেষণাপত্র ও একাডেমিক নিবন্ধ প্রকাশ করেছেন। তার প্রতিটি প্রকাশনায় সমসাময়িক বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োগভিত্তিক ইসলামিক ফাইন্যান্স ও বিনিয়োগের কারিগরি কাঠামো গুরুত্ব পেয়েছে।

একাডেমিয়ার বাইরেও এশিয়া-প্যাসিফিক, আরব অঞ্চল, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তিনি কৌশলগত সহযোগিতায় যুক্ত থেকে করপোরেট নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। এই আন্তর্জাতিক পুরস্কারের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত অর্থনীতিবিদের দীর্ঘদিনের একাডেমিক ও গবেষণাভিত্তিক অবদান নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh