Facebook Twitter Instagram YouTube

দালালচক্রের খপ্পরে প্রবাসীরা: কঠোর ব্যবস্থার তাগিদ সংসদীয় কমিটির


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ণ / ০
দালালচক্রের খপ্পরে প্রবাসীরা: কঠোর ব্যবস্থার তাগিদ সংসদীয় কমিটির

দালালদের প্রলোভনে পড়ে ভুয়া কাগজপত্র নিয়ে বিদেশে গিয়ে বাংলাদেশিরা বড় ধরনের বিপদের মুখে পড়ছেন। এর মধ্যে কেউ যুদ্ধক্ষেত্রে আটকা পড়ছেন, আবার কেউ জড়িয়ে পড়ছেন অবৈধ অভিবাসনের জালে। এছাড়া ভিসা জালিয়াতির শিকার হয়ে অনেকে অর্থ ও নিরাপত্তা হারাচ্ছেন। এসব ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতাও ক্ষতিগ্রস্ত করছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, দালালদের খপ্পরে পড়া এসব বাংলাদেশিদের সমস্যা মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নতুন ‘মাইগ্রেশন উইং’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, রাশিয়াতে বাংলাদেশিদের চুক্তিভিত্তিক যুদ্ধে জড়িয়ে পড়া বা আটকে পড়ার মতো ঘটনা ঘটছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে বিজনেস ভিসা সহজ হলেও জালিয়াতি ও দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনিক কঠোরতা জরুরি। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে মন্ত্রী জানান, ভুক্তভোগীদের অর্ধেকের বেশি অবৈধভাবে অবস্থান করছিলেন এবং অনেকের আকামার মেয়াদ উত্তীর্ণ ছিল।

কমিটির সদস্য সাঈদ আল নোমান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। তিনি অন্তত ১০টি ভিসা বাতিলের ঘটনা পরীক্ষা করে দেখার প্রস্তাব দিয়ে বলেন, জালিয়াতি বা তথ্যের ভুল শনাক্ত করা গেলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সহজ হবে। এদিকে কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বিদেশে মারা যাওয়া প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি স্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেন। ওমানের চার প্রবাসীর লাশ দেশে আনার উদাহরণ টেনে তিনি ইতালি থেকে একটি লাশ আনতে আড়াই মাস সময় লাগার বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন।

বৈঠকে কূটনৈতিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে ৮৬টি মিশনের পাশাপাশি আরও ১৯টি নতুন দূতাবাস চালুর প্রস্তাব প্রক্রিয়াধীন। এছাড়া ঢাকায় নতুন কূটনৈতিক অবকাঠামো এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, সংকটকে আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা হচ্ছে। এছাড়া ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দুই দফা চিঠি দেওয়া এবং সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার বেনজীর আহমেদের বিষয়ে আইনি কাগজপত্র হস্তান্তরের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor