Facebook Twitter Instagram YouTube

সিএমএম আদালতের হাজতখানায় পাউরুটির ভেতর গাঁজা ও ইয়াবা উদ্ধার


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ / ০
সিএমএম আদালতের হাজতখানায় পাউরুটির ভেতর গাঁজা ও ইয়াবা উদ্ধার

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় এক হাজতির পাউরুটির ভেতর থেকে ৩ পুড়িয়া গাঁজা ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। রোববার সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশের সময় তল্লাশিকালে এই মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এই ঘটনার পর হাজতি আসামি মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আদালত সূত্র জানায়, ১১ নম্বর আদালতে নিয়মিত শুনানির জন্য আসামি মামুনকে আনা হয়েছিল। শুনানি শেষে তাকে পুনরায় হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তার এক স্বজন খাবার হিসেবে পাউরুটিটি দেন। হাজতখানায় প্রবেশের সময় দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সন্দেহ হলে পাউরুটিটি পরীক্ষা করা হয়। এ সময় ভেতরে কাগজে মোড়ানো তিনটি গাঁজার পুরিয়া ও তিনটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ বিষয়ে ডিউটিতে থাকা কনস্টেবল শাহেদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর নির্দেশ রয়েছে যেন কোনো ধরনের খাবার বা প্যাকেট ভেতরে নেওয়া না হয়। তিনি বলেন, 'মানবিক দিক বিবেচনা করে স্বজনদের দেয়া পাউরুটিটি আসামির কাছে যেতে দিই। হাজতখানার গেটে দায়িত্বরত সদস্যরা সেটি নিয়ে তল্লাশি করেন। আমি আসামিকে বুঝিয়ে দিয়ে আবার আমার ডিউটিতে ফিরে যাই। এরপর পাউরুটির ভেতর থেকে মাদক উদ্ধারের বিষয়টি জানতে পারি।'

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানিয়েছেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফুটেজ দেখে কে খাবারটি দিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনে হাজতিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy