
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘রাধিকা’। আগামী বুধবার রাত সাড়ে ১০টায় নাটকটি দর্শকদের জন্য প্রচার করা হবে। আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী ও জয়রাজসহ আরও অনেকে।
নাটকের মূল গল্পে দেখা যায়, রাধিকা নামের এক দরিদ্র ঘরের তরুণীকে। সে দেখতে অত্যন্ত মিষ্টি হলেও স্বভাবের দিক থেকে বেশ কঠিন। নিজের সংসার চালানোর জন্য সে গ্রামে গ্রামে ঘুরে লাউ, শশা ও কুমড়োর মতো সবজি বিক্রি করে। তার সৌন্দর্যের কারণে অনেকেই সবজি কেনার অজুহাতে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাধিকার কঠোর মেজাজের কারণে তারা সফল হয় না।
রাধিকা কাউকে সহজে বিশ্বাস করে না। প্রতিদিনের উপার্জিত অর্থ দিয়ে চাল-ডাল কিনে সে তার বৃদ্ধ বাবার কাছে ফিরে যায়। তার বাবা বয়সের ভারে কর্মহীন ও ক্লান্ত, তাই সংসারের পুরো দায়িত্ব রাধিকার কাঁধেই। এদিকে জেলে পরিবারের ছেলে মাধব রাধিকার প্রেমে পড়ে। বাজারে এসে দূর থেকে সে রাধিকাকে দেখার চেষ্টা করে, কিন্তু রাধিকার সামনে গিয়ে কথা বলার সাহস তার হয়ে ওঠে না। এই কাহিনী নিয়েই আবর্তিত হয়েছে নাটকটি।
আপনার মতামত লিখুন :