
বিচারিক কাজের গতি বাড়াতে এবং বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের লক্ষ্যে দেশের আরও ১২টি জেলায় আনুষ্ঠানিকভাবে 'ই-বেইল বন্ড' ব্যবস্থা চালু করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
নতুন করে এই সুবিধার আওতায় আসা জেলাগুলো হলো— টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিচার ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে জামিননামা দাখিলের পরিবর্তে এই ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এর ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা কমবে এবং আদালত, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কাজের চাপ অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগে একটি জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। এখন 'ই-বেইল বন্ড' ব্যবস্থার মাধ্যমে মাত্র ৩টি প্রধান ধাপেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে, যা জামিন কার্যক্রমকে বহুগুণ দ্রুত করেছে। এই উদ্যোগ সংশ্লিষ্ট সকলের সময় ও অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জামিন প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে সর্বপ্রথম ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে এই ব্যবস্থা চালু করা হয়। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে তিনটি ধাপে দেশের আরও ১৬টি জেলায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ধাপে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর এবং তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলায় ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :