
আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং পপ তারকা তিনিতি স্তোসেল বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কাতার বিশ্বকাপের আগে থেকেই তাদের সম্পর্কের শুরু, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। সম্প্রতি এই তারকা জুটির বিয়ের প্রস্তুতি শুরুর বিষয়টি আর্জেন্টাইন সংবাদমাধ্যমে উঠে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রেমিকের প্রতি আবেগঘন ও রোমান্টিক বার্তা দিয়েছেন তিনিতি স্তোসেল। তিনি লিখেছেন, ‘এবং একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।’ বার্তার পাশাপাশি বাগদানের আংটি পরা একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।
বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে তিনিতি স্তোসেল বর্তমানে প্যারিসে অবস্থান করছেন। সেখানে তিনি বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিয়েছেন। নিজের এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, খুব খুশি।’ পোশাকের ট্রায়ালের সময় তিনি ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের তারকা ডি পলকে ফোন করে পুরো বিষয়টি জানিয়েছেন। তিনিতি জানান, তিনি শুধু পোশাক দেখার জন্য গিয়েছিলেন, কিন্তু সেটি পরে দেখার পর তিনি বেশ আনন্দিত। তবে বিয়ের পোশাকের নকশা এখনো গোপন রেখেছেন তারা।
ডি পলের পক্ষ থেকেও এই মুহূর্ত নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। তিনি তিনিতির উদ্দেশ্যে বলেন, ‘আমার জীবনের প্রতিটি দিন আমি সেই মুহূর্তটির স্বপ্ন দেখি। আমাকে এতটা সুখী করার জন্য তোমাকে ধন্যবাদ।’ যদিও বিয়ের সঠিক তারিখ বা স্থান সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ডি পল যে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তা স্পষ্ট।
উল্লেখ্য যে, ২০২৬ সালের মে মাসে তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন রদ্রিগো ডি পল। তখন থেকেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপিকার সাম্প্রতিক মন্তব্যকে ঘিরেও তাদের বিয়ে নিয়ে জোর আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :