
যুক্তরাষ্ট্রের মধ্য টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। টেক্সাসের সালাডো গ্রামের দক্ষিণের একটি মাঠে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যায় স্থানীয় পুলিশ।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় পতিত হওয়া আকাশযানটি ছিল একটি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি নিকটবর্তী ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল, যা মার্কিন সেনাবাহিনীর অন্যতম বৃহৎ ঘাঁটি হিসেবে পরিচিত। ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকারীরা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
দুর্ঘটনার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি সেখানে বড় ধরনের আগুন জ্বলছিল। সেই আগুন অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল বলেও উল্লেখ করেন তিনি।
এই দুর্ঘটনার পর মার্কিন সেনাবাহিনী পুরো এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ফার্স্ট ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, "আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো ঘটনাস্থল সুরক্ষিত করা এবং প্রাথমিক উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করা।"
মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি হলো একটি দুই-ইঞ্জিন ও চার-ব্লেডবিশিষ্ট বহুমুখী আক্রমণকারী হেলিকপ্টার। এই যুদ্ধবিমানটি সাধারণত সশস্ত্র পর্যবেক্ষণ, সম্মুখ যুদ্ধ, ভ্রাম্যমাণ হামলা এবং উল্লম্ব কৌশলগত সামরিক অভিযান পরিচালনার কাজে ব্যবহৃত হয়ে থাকে।
আপনার মতামত লিখুন :