
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অধীনে ভোটার তালিকার খসড়া প্রকাশের পর কোনো দাবি, আপত্তি বা তথ্য সংশোধনের আবেদন এলে তা নিষ্পত্তির জন্য দেশের ৬৪ জেলা ও ক্যান্টনমেন্ট এলাকায় মোট ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বুধবার (২২ জুলাই) নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা খসড়া ভোটার তালিকার ওপর দাখিল করা দাবি (ফরম-৬), আপত্তি (ফরম-৭) এবং তথ্য সংশোধনের (ফরম-৮) আবেদনগুলো যাচাই-বাছাই ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ ফাইল মাঠপর্যায়ে পাঠানোর শেষ তারিখ ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই তালিকার ওপর কোনো দাবি বা আপত্তি থাকলে তা ২৪ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে।
নির্ধারিত সময়ের মধ্যে আসা আবেদনগুলো ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এরপর গৃহীত সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং সবশেষে ৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :