Facebook Twitter Instagram YouTube

রংপুরে প্রতিমা বিসর্জন হয়নি, মন্দিরে ফেরানো হলো: জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ / ০
রংপুরে প্রতিমা বিসর্জন হয়নি, মন্দিরে ফেরানো হলো: জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব

রংপুর নগরীতে জমির মালিকানা ও মন্দির দখলকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের দুই পক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্বের জেরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন না দিয়েই মন্দিরে ফিরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন না দিয়ে শোভাযাত্রা থেকে পুনরায় মন্দিরে রাখেন পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর ঠিকাদারপাড়ায় প্রতিমা বিসর্জন না দিয়ে সড়ক অবরোধ করে এক পক্ষ। গভীর রাত পর্যন্ত পুলিশ উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। রাতের বেলা সড়ক অবরোধের পাশাপাশি হাতাহাতির ঘটনাও ঘটে।

স্থানীয়রা জানান, ২০০৭ সাল থেকে প্রতি বছর স্থানীয় দশরথের তিন শতক জমিতে অস্থায়ী মণ্ডপ তৈরি করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছর পূজা উদ্‌যাপন কমিটি দুর্গাপূজার পর কালী প্রতিমাসহ অন্যান্য প্রতিমা বসানোর মাধ্যমে স্থায়ী মন্দির স্থাপনের প্রস্তুতি নেন। অভিযোগ উঠেছে, মহানগর কৃষক লীগের সভাপতি প্রাণ কৃষ্ণ গোস্বামী কৌশলে সেখানে কালীমন্দির স্থাপন করে জায়গাটি দখলের পাঁয়তারা করছেন। এ বিষয়ে আদালতে একটি মামলাও হয়েছিল, যেখানে পূজা-অর্চনা শেষে প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু অস্থায়ী মন্দির কমিটির সদস্যরা সুকৌশলে জায়গাটি দখল করার জন্য নতুন করে প্রতিমা স্থাপন করে ওই জায়গায় রেখে তারপর দুর্গোৎসবের প্রতিমাগুলো বিসর্জন দেওয়ার প্রস্তুতি নিলে এই বিপত্তি ঘটে।

গণেশ চন্দ্র ও শ্যামল কান্তিসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, এত দিন পূজা উদযাপন সুস্থভাবে চললেও বিসর্জনের আগে একই স্থানে পুনরায় নতুন প্রতিমা স্থাপন নিয়ে উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনা রাতভর চলে এবং প্রশাসনের লোকজন সারা রাত চেষ্টা করেও সমাধান করতে পারেননি। তারা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সরকারের কাছে আহ্বান জানান এবং মণ্ডপের জন্য নির্দিষ্ট একটি জায়গা বরাদ্দ দিলে স্থানীয় হিন্দু সম্প্রদায় উপকৃত হতো বলে উল্লেখ করেন।

অনিমেষ চন্দ্র রায় জানান, বুধবার প্রতিমা বিসর্জনের সময় জমির মালিক দশরথ সব প্রতিমা সরিয়ে নিয়ে মন্দির খালি করার দাবি জানালে তার ও পূজা উদ্‌যাপন কমিটির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপর প্রতিমা বিসর্জন না দিয়ে স্থায়ী মন্দির স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে পূজা উদযাপন কমিটিসহ সনাতন ধর্মাবলম্বীদের একটি পক্ষ। অন্যদিকে, নিজের জমি উদ্ধারের জন্য সব প্রতিমা সরিয়ে নেওয়ার দাবিতে জমির মালিক দশরথ ও তার লোকজন রাস্তার অপর পাশে অবস্থান নেন।

তবে অস্থায়ী পূজা উদ্‌যাপন কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, রিতা রানীর স্বামী ১ লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে তাদের মন্দির করার জন্য এই জায়গাটি ভাড়া দিয়েছেন। সেই আলোকেই তারা সেখানে মন্দির স্থাপন করেছেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জি বৃহস্পতিবার জানান, উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্তহীনতা ও অচলাবস্থা এখনো বিদ্যমান। যে পক্ষ পূজা করেছে, তারা প্রতিমা বিসর্জন দিতে চাইলেও মন্দির খালি করতে চাইছে না এবং দখলেই রাখতে চাইছে। অন্যদিকে জমির মালিকপক্ষের দাবি, মন্দির খালি করে দিয়ে সব প্রতিমা সরিয়ে নিতে হবে। উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সেখানে এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। রাতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১১: ৩৮আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১১: ৪৭

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh