
বাংলাদেশের সংগীতাঙ্গনের বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী আবারও ফিরে যাচ্ছেন তার পরিচিত সেই পুরনো সিডির ফরম্যাটে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী তার নতুন ছয়টি মৌলিক গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন ‘এ শহরের গান’ শিরোনামের একটি ডিজিটাল সিডিতে। একই সঙ্গে গানগুলো ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে বলে তিনি নিশ্চিত করেছেন।
নতুন এই গানগুলোর সবগুলোরই গীতিকার গোলাম মোরশেদ। সুরকার হিসেবে কাজ করেছেন শামস সুমন, লাবু রহমান, তমাল ও সজীব দাস। এর মধ্যে তিনটি গানের সুর করেছেন শামস সুমন এবং বাকি তিনটি করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। ফাহমিদা নবী জানিয়েছেন, গত ৫ আগস্ট এই ছয়টি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওগুলো নির্দেশনা দিয়েছেন ফাহমিদা নবী নিজে এবং আশিক।
সিডি যুগে ফিরে আসার সিদ্ধান্ত সম্পর্কে ফাহমিদা নবী বলেন, বর্তমান সময়ে নতুন গান এলে শুধু ইউটিউবেই প্রকাশ পায়। কিন্তু সিডি বা ক্যাসেটের যুগে গান প্রকাশের সময় যে উচ্ছ্বাস ও উন্মাদনা কাজ করত, তা এখনকার ডিজিটাল যুগে অনুপস্থিত। সেই পুরনো আমেজ মিস করার কারণেই তিনি নতুন মৌলিক গানগুলো ডিজিটাল সিডিতে প্রকাশের উদ্যোগ নিয়েছেন। তিনি চান, যারা ইউটিউবের বাইরেও গান সংগ্রহ করতে আগ্রহী, তারা যেন তা করতে পারেন। শিগগির এই অ্যালবাম সিডি ও ইউটিউবে প্রকাশ পাবে। নেপথ্যে থেকে যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই শিল্পী।
আপনার মতামত লিখুন :