Facebook Twitter Instagram YouTube

অর্থ আত্মসাৎ মামলায় ঢাকা ব্যাংকের ৪ কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ /
অর্থ আত্মসাৎ মামলায় ঢাকা ব্যাংকের ৪ কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

অর্থ আত্মসাতের একটি পুরনো মামলায় ঢাকা ব্যাংক লিমিটেডের চারজন সাবেক কর্মকর্তাকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-১ আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ব্যাংকটির সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু মোহাম্মদ সাঈদ খান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রবীর কুমার ভৌমিক এবং শওকত আলী।

আদালতের রায়ে বিশ্বাসভঙ্গের অপরাধে প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া জালিয়াতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অর্থ আত্মসাতের দায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। তবে বিচারক নির্দেশ দিয়েছেন যে, তিনটি ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে, যার ফলে দোষীদের সর্বোচ্চ ১০ বছর কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় শওকত আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বাকি তিন আসামিকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। মামলার নথিপত্র অনুযায়ী, ২০০২ সালে মোহাম্মদ ইউসূফ আলী ঢাকা ব্যাংক থেকে ভুয়া শেয়ার জামানত দেখিয়ে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে শেয়ারগুলো ভুয়া প্রমাণিত হওয়ায় অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় ২০০৮ সালে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din