Facebook Twitter Instagram YouTube

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতলেন ঈশ্বরগঞ্জের কৃষক হানিফ


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ /
২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতলেন ঈশ্বরগঞ্জের কৃষক হানিফ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক হানিফ মিয়ার জীবনে এসেছে বড় এক পরিবর্তন। মাত্র ২০ টাকায় কেনা লটারির টিকিটে তিনি জিতেছেন ৩০ লাখ টাকার প্রথম পুরস্কার। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। কৃষিকাজ ও হাঁসের খামার পরিচালনার পাশাপাশি তিনি একটি ওষুধের দোকানেও কাজ করেন।

সরকার অনুমোদিত ‘বিপিকেএস জাতীয় লটারি-২০২৬’-এর ড্র গত ১৯ জুলাই অনুষ্ঠিত হয়। এতে ‘গ-০১৬৪৩৬৪’ নম্বরের টিকিটটি প্রথম পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা পায়। হানিফ মিয়া দাবি করেছেন, এই বিজয়ী টিকিটটি তাঁর কাছেই রয়েছে। তিনি জানান, স্থানীয় মহেশপুর বাজারে ওষুধের দোকানে কাজ করার সময় টিকিট বিক্রির খবর শুনে তিনি ২০ টাকা করে দুটি টিকিট কিনেছিলেন। পরে অনলাইনে ফলাফল যাচাই করে দেখেন, তাঁর একটি টিকিটের নম্বরের সঙ্গে প্রথম পুরস্কারের নম্বর মিলে গেছে।

হানিফের স্ত্রী নীলা আক্তার জানান, শুরুতে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও কয়েকবার মিলিয়ে দেখার পর তাঁরা নিশ্চিত হন। নীলা আক্তার বলেন, ‘৪০ টাকা খরচ করে দুটি টিকিট কিনে আনার পর আমি তাঁকে বকাবকি করেছিলাম। কিন্তু অনলাইনে যাচাই করার পর মনে হয়েছে সবকিছু স্বপ্নের মতো। এই টাকা পেলে আমাদের সংসারে সচ্ছলতা ফিরবে।’

হানিফ মিয়ার পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর বাবা অন্যত্র সংসার করায় মা হামিদা বেগমের সঙ্গে নানাবাড়িতে বড় হয়েছেন হানিফ। সম্প্রতি বসতভিটার জমি নিয়ে পারিবারিক জটিলতায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই হতাশার সময়েই তিনি ভাগ্য পরীক্ষার জন্য লটারির টিকিট কিনেছিলেন। পুরস্কারের এই অর্থ দিয়ে ওষুধের দোকান দেওয়া এবং হাঁসের খামার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁর।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি প্রকল্পের পরিচালক মো. আলম কবির জানান, হানিফ মিয়া মূল টিকিট নিয়ে তাঁদের কার্যালয়ে এসেছিলেন এবং প্রাথমিক পরীক্ষায় টিকিটটি সঠিক মনে হয়েছে। তবে চূড়ান্ত স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিক যাচাই-বাছাই করা হবে। আলম কবির আরও জানান, ২০ আগস্টের পর যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শুরুতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের উপস্থিতিতে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo