
বাংলাদেশের মানুষ কখনোই আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজারে ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ কখনোই তাদের রাজনীতি গ্রহণ করবে না।
এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে দেশের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এছাড়া কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে সালাউদ্দিন আহমেদ বলেন, কেবল উঁচু ভবন নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হয় না। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ইচ্ছেমতো বিভিন্ন এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। পর্যটন বিকাশের স্বার্থে সেসব এলাকা জরিপের মাধ্যমে পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ বাড়াতে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :