
ইতালির রোম বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে। উড়োজাহাজটির ভেতরে প্রায় ২৬০ জন যাত্রী আটকা পড়ে আছেন বলে জানা গেছে।
যাত্রীদের সূত্রে জানা যায়, বিজি৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য বিমানটি রোমে অবতরণ করে। অবতরণের পর যাত্রীদের জানানো হয় যে উড়োজাহাজটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে এবং এটি মেরামতের প্রয়োজন। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল এবং এটি কখন আবার যাত্রা শুরু করবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় ধরে উড়োজাহাজের ভেতরে আটকে থাকায় শিশু ও বয়োবৃদ্ধসহ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন শরিফুল ইসলাম নামের এক যাত্রী। তিনি বলেন, "এখানে অনেক যাত্রী আছেন। শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করছেন। আমাদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না।"
শরিফুল ইসলাম বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, "বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে আমাদের অনুরোধ, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। গরম ও অস্বস্তিকর পরিবেশে যাত্রীরা ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে।" যাত্রীরা জানান, ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির পূর্বনির্ধারিত বিরতি ছিল।
এদিকে, উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সঠিক সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
আপনার মতামত লিখুন :