
বাংলাদেশ সরকারের আপত্তির মুখে গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার ঘটনা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট করেছে যে, ওই অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না এবং সেখানে দেওয়া বক্তব্যের সঙ্গেও তাদের কোনো সমর্থন নেই।
শুক্রবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, “একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে সরকারের কোনো অবদান নেই। আমি বিষয়টি আবারও পুনর্ব্যক্ত করছি।”
তিনি আরও উল্লেখ করেন যে, ওই প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখা হাসিনা ও অন্যান্যদের কথার প্রতি ভারতের কোনো সমর্থন নেই। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের ব্যাপারে দেওয়া কোনো মন্তব্যকে ভারত সরকার সমর্থন করে না বলেও তিনি স্পষ্ট করেন।
প্রেস ব্রিফিংয়ে হাসিনাপুত্র সজিব ওয়াজেদ জয় মন্তব্য করেছিলেন যে, ভারতের পূর্ব দিকের অঞ্চল অর্থাৎ বাংলাদেশ এখন পাকিস্তানে পরিণত হচ্ছে এবং সেখানে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে। এ বিষয়ে রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা আমাদের একদম পাশের প্রতিবেশীর ওপর গভীর নজর রাখি, বিশেষ করে আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যেগুলো সেগুলোর ওপর। আর এ ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিতে হয় আমরা সেগুলো নেই।”
আপনার মতামত লিখুন :