
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফর করবেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া গ্রহণ করা। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় উপস্থিত হবেন। একই সফরে তিনি চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকাও পরিদর্শন করবেন।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর থেকেই হুজুরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে রমজান মাস শুরু হওয়া এবং বাবুনগর মাদ্রাসায় খতমে তারাবির দায়িত্ব পালনের কারণে হুজুরের পক্ষে ঢাকায় যাওয়া সম্ভব হয়নি। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে সাক্ষাতের সিদ্ধান্ত নেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফটিকছড়ি উপজেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে চলছে উৎসবমুখর প্রস্তুতি। বিশেষ করে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
সফরের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :