
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, একজনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অংশ নয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় স্বার্থকে অক্ষুণ্ন রেখে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই সরকারের মূল লক্ষ্য।
বৈঠকে বাংলাদেশ ও ভারত উভয় পক্ষই পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে উভয় দেশ একমত হয়েছে।
চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, কূটনীতিতে বাংলাদেশ আন্দাজের ভিত্তিতে কাজ করে না, বরং বাস্তবতার ভিত্তিতে কাজ করে। সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালিত হয় না। তিনি আরও বলেন, কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের পরিপ্রেক্ষিতে ‘জিরো-সাম গেম’ নয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কারও সঙ্গে সম্পর্ক উন্নয়ন হওয়ার অর্থ এই নয় যে অন্য কারও সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে। তিনি জানান, চীনের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সফর অত্যন্ত সফল হয়েছে। একইভাবে প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে সেই সফরও ইতিবাচক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হয়েছে এবং এসব মতবিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। পরিশেষে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বহু দেশের সম্পর্ক রয়েছে এবং এসব সম্পর্কের মূল ভিত্তিই হলো জাতীয় স্বার্থ। যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে, সেখানেই দেশ এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :