Facebook Twitter Instagram YouTube

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ /
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন। বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এছাড়াও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy