Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ট্রাম্প, থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ণ / ০
বিশ্বকাপ ফাইনালে গ্যালারিতে ট্রাম্প, থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই

চলমান ফিফা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে ক্রীড়ামোদীদের আগ্রহের পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক মহলের সরব উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। এই হাইভোল্টেজ ম্যাচটিতে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের আগের কোনো ম্যাচে তাকে গ্যালারিতে দেখা না গেলেও ফাইনালের মঞ্চে তিনি উপস্থিত থাকবেন। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তাকে দেখা যাবে।

ফাইনালের মঞ্চে উপস্থিত থাকছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও। শুরুতে তার অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সফরসূচি সমন্বয় করে তিনি নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া স্পেনের রাজপরিবারের সদস্যরাও ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সশরীরে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি জানিয়েছেন, দলের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে নিজের ‘সৌভাগ্যের রীতি’ অনুসরণ করবেন। আগের ম্যাচগুলোর মতোই তিনি এবারও সরকারি বাসভবন থেকে খেলা উপভোগ করবেন। ফুটবলের এই মহাযজ্ঞে আর্জেন্টিনা তাদের টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে, অন্যদিকে স্পেন চাইবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিতে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh